শুক্রবার, জুন ১২, ২০২৬
Google search engine

দুই দিন জীবন যুদ্ধের পর চলে গেল শিশু সাদিকুল,দাফন সম্পন্ন, এলাকায় শোকের ছায়া

দুই দিন জীবন যুদ্ধের পর চলে গেল শিশু সাদিকুল,দাফন সম্পন্ন, এলাকায় শোকের ছায়া

বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর দুর্গাপুরে ইটবোঝাই ট্রলিচাপায় গুরুতর আহত হওয়া ৩ বছর বয়সী শিশু সাদিকুল ইসলাম রাকিব শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মেনেছে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) দুই দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর আজ মঙ্গলবার (৯ জুন) ভোরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। নিহত সাদিকুল ইসলাম বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার হরিফলা এলাকার খুরশেদ আলমের ছেলে। সে তার মা শারমিন বেগমের সঙ্গে দুর্গাপুর উপজেলার কয়ামাজমপুর গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যাই, কয়ামাজমপুর পশ্চিমপাড়ার মৃত শামসুর রহমানের মেয়ে শারমিন বেগম তার শিশু সন্তান সাদিকুলকে নিয়ে নানাবাড়ি এসেছিলেন। গত রোববার (৭ জুন) সকাল ৯টার দিকে তাহেরপুরে নিজ বাড়িতে ফেরার উদ্দেশ্যে তারা কয়ামাজমপুর এলাকার রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তাহেরপুরের দিক থেকে আসা একটি দ্রুতগামী ইটবোঝাই ট্রলি শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়। ট্রলির চাকায় পিষ্ট হয়ে শিশুটির একটি হাত ও একটি পা শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথায় মারাত্মক আঘাত লাগে।

দুর্ঘটনার পরপরই স্থানীয় ক্ষুব্ধ জনতা ঘাতক ট্রলিটি আটকে ফেলে এবং চালককে ধরে গণধোলাই দেয়।

খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত চালককে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে বর্তমানে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন আছে। আশঙ্কাজনক অবস্থায় শিশু সাদিকুলকে প্রথমে রামেক হাসপাতালের ১ নং ওয়ার্ডে এবং পরে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে দুই দিন লাইফ সাপোর্টে থাকার পর আজ ৯ জুন মঙ্গলবার সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজ বিকেল ৩.৩০ মিনিটে সাদিকুলের নিজ গ্রাম বাগমারার হরিফলায় জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থল থেকে ট্রলিটি জব্দ করেছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, মায়ের সাথে নানাবাড়ি বেড়াতে এসে ফুটফুটে এই শিশুটির এমন আকস্মিক ও নির্মম মৃত্যুতে হরিফলা ও কয়ামাজমপুর দুই গ্রামেই নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের ক্রন্দনে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে।

সংশ্লিষ্ট সংবাদ
- Advertisment -
Google search engine

জনপ্রিয় সংবাদ

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ