রাজশাহীতে গত পাঁচ মাসে অন্তত ১০টি হত্যা এবং কোটি টাকার স্বর্ণ লুট
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: একসময় শান্ত ও নিরাপদ নগরী হিসেবে পরিচিত রাজশাহী মহানগরী এখন একের পর এক চাঞ্চল্যকর অপরাধের ঘটনায় আলোচনায়। হত্যা, ছিনতাই, চাঁদাবাজি, বাস ডাকাতি ও স্বর্ণালঙ্কারের দোকানে কোটি টাকার লুটের মতো ঘটনায় নগরবাসীর মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে।
গত পাঁচ মাসে রাজশাহীতে অন্তত ১০টি হত্যা এবং কোটি টাকার স্বর্ণ লুটের ঘটনা ঘটেছে। এছাড়া রাজশাহী-নওগাঁ ও ঢাকা-রাজশাহী মহাসড়কে একের পর এক বাস ডাকাতির ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পদ্মাপাড়ে ব্যবসায়ী হত্যা, বিভিন্ন এলাকায় ছিনতাই ও চাঁদাবাজির ঘটনাও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে রাজশাহী রেঞ্জে ১ হাজার ৫৭৫টি মামলা নথিভুক্ত হয়েছে। এসব মামলার মধ্যে হত্যা, মাদক, ছিনতাই ও অন্যান্য অপরাধসংক্রান্ত ঘটনাও রয়েছে।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সংঘবদ্ধ অপরাধচক্রের সক্রিয়তা, মাদক ব্যবসার বিস্তার, রাজনৈতিক পটপরিবর্তন এবং দ্রুত নগরায়ণের ফলে অপরাধপ্রবণতা বেড়ে থাকতে পারে। বিশেষ করে বাণিজ্যিক কেন্দ্র, বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকা এবং নতুন আবাসিক অঞ্চলে অপরাধীদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে বলে তারা মনে করছেন।
তবে প্রশাসনের দাবি, অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, গোয়েন্দা নজরদারি এবং সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে একের পর এক আলোচিত অপরাধের ঘটনায় রাজশাহীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে। নগরবাসীর প্রত্যাশা, দ্রুত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে আবারও নিরাপদ নগরী হিসেবে রাজশাহীর সুনাম ফিরিয়ে আনা হবে।



