তাহেরপুরে জমকালো আয়োজনে ‘নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট’ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, তাহেরপুর:
রাজশাহী’র বাগমারার তাহেরপুর পৌরসভায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী ‘নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে এবং সুস্থ বিনোদনের অংশ হিসেবে তাহেরপুর পৌরসভার ৫ নং জগন্নাথপুর মাদ্রাসা মাঠে এই জাঁকজমকপূর্ণ নৈশকালীন ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়।
গত ৩ জুন (বুধবার) রাতে ফ্লাডলাইটের আলোয় আধুনিক আকর্ষণীয় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টটি পরিচালিত হয়।
কৃত্রিম আলোয় খেলোয়াড়দের চমৎকার নৈপুণ্য এবং স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের উপচে পড়া ভিড় পুরো মাঠজুড়ে এক উৎসবমুখর আমেজ তৈরি করে। এলাকার ক্রীড়ামোদী যুবসমাজের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আবু নঈম মোঃ সামসুর রহমান মিন্টু।
তিনি তার বক্তব্যে যুবসমাজকে মাদকের অন্ধকার পথ থেকে দূরে সরিয়ে রাখতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম বলে উল্লেখ করেন এবং এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলীম বাবু ও শুভেচ্ছা বক্তব্য রাখেন, রয়্যাল আল্টাসাউন্ড এন্ড হসপিটালের পরিচালক এমএ মালেক সরকার।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর জামায়াতের আমির শহীদুজ্জমান মীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক।
খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিজয়ী ও রানার্স-আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। আয়োজন সফল করতে অক্লান্ত পরিশ্রম করায় তরুণ সমাজ ও আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান অতিথিরা।



