বাগমারা’য় রয়্যাল আল্ট্রাসাউন্ড এন্ড হসপিটালের সৌজন্যে ফুটবল টুর্নামেন্ট
বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভায় জাঁকজমকপূর্ণ পরিবেশে দিনব্যাপী এক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
‘রয়্যাল আল্ট্রাসাউন্ড অ্যান্ড হাসপাতাল’-এর সার্বিক সৌজন্য ও সহযোগিতায় পৌরসভার বিশুপাড়ায় এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় মোট ৮টি দল অংশ নেয়। আজ শনিবার (৪ জুলাই) তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
টুর্নামেন্টে কর্নিপাড়া ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ‘স্বপ্নছোঁয়া ফুটবল একাদশ’। আর রানার্সআপ হয়েছে ‘কর্নিপাড়া ফুটবল একাদশ’।খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আবু নাঈম শামসুর রহমান মিন্টু।
তিনি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।প্রধান অতিথির বক্তব্যে আবু নাঈম শামসুর রহমান মিন্টু বলেন, “যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। স্থানীয় পর্যায়ে এ ধরনের আয়োজন তরুণদের মাঝে সম্প্রীতি ও সুস্থ বিনোদনের বার্তা ছড়িয়ে দেয়। সুস্থ সমাজ গঠনে যুবকদের মাঠে ফিরিয়ে আনতে হবে।
“তাহেরপুর পৌর যুবদলের আহ্বায়ক রফিক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গ এবং এলাকার বিশিষ্ট ক্রীড়াপ্রেমীরা। রয়্যাল আল্ট্রাসাউন্ড অ্যান্ড হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মো. ওহাব সরকার। এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের সভাপতিত্ব করেন তাহেরপুর পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মো. রফিক সরকার।আয়োজকরা জানান, টুর্নামেন্টকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়ামোদীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল স্বপ্নছোঁয়া ফুটবল একাদশকে ট্রফির পাশাপাশি ১২ হাজার টাকা এবং রানার্সআপ কর্নিপাড়া ফুটবল একাদশকে ট্রফিসহ ৮ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়।



