হরিজন সম্প্রদায়ের পাশে সাবেক মেয়র মিন্টু: দুর্গাপূজায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস
বাগমারা প্রতিনিধিঃ
রাজশাহীর তাহেরপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের হাঁড়িপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধের উপক্রম হওয়া সনাতন ধর্মাবলম্বী হরিজন সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পুনরায় চালুর উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন সাবেক মেয়র আবু নঈম মোঃ সামসুর রহমান মিন্টু।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে ওই এলাকা পরিদর্শন করে ভুক্তভোগী পরিবারগুলোকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, যাতায়াতের রাস্তা ও পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থাসহ বিভিন্ন মৌলিক নাগরিক সমস্যার কারণে হাঁড়িপাড়া এলাকার সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির সম্মুখীন হয়ে আসছিলেন।
এই চরম অব্যবস্থাপনার কারণে তাদের ঐতিহ্যবাহী মন্দিরে আসন্ন শারদীয় দুর্গাপূজা আয়োজন করা প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল।এ খবর পেয়ে তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌরসভা বিএনপির সভাপতি আবু নঈম মোঃ সামসুর রহমান মিন্টু আজ হাঁড়িপাড়া এলাকায় ছুটে যান। তিনি স্থানীয় বাসিন্দাদের সাথে সরাসরি কথা বলেন এবং তাদের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশার কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় সাবেক মেয়র মিন্টু বলেন, “যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে আমি আপনাদের পাশে আছি।
আপনাদের প্রধান ধর্মীয় উৎসব যেন আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হতে পারে, সেজন্য আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।” একই সাথে তিনি যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার আহ্বান জানান।
পরিদর্শনকালে সাবেক মেয়রের সাথে আরও উপস্থিত ছিলেন, ২ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের, যুবদল ও ছাত্রদল, কৃষকদল, সেচ্ছাসেবকদলের স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।



