প্রটোকল ভঙ্গের অভিযোগে বদলি রাজশাহীর বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার
রাজশাহী প্রতিনিধি:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সময় প্রটোকল ভঙ্গের অভিযোগে রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলে মো. রেজাউল আলম সরকারকে বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তা।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে ইউসুফ আলীকে বদলি করা হয়।
এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশিয়া সফর শেষে শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সামরিক বিমানে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি সেখানে উপস্থিত রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে হাত মেলান।
এ সময় রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভেঙে ঝুঁকে তাঁর দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে জানা গেছে। এর পরপরই তাঁকে বদলি করা হয়।
এদিকে, বিভাগীয় কমিশনারের দায়িত্বে পরিবর্তনের পর মো. রেজাউল আলম সরকারকে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে ঢাকার বাইরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচি পালন করেন প্রধানমন্ত্রী। এর অংশ হিসেবে মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে তিনি ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে যাত্রা করেন। পরে সেখান থেকে রাজশাহীতে আসেন। রাজশাহীর কর্মসূচি শেষে রাতে তিনি চট্টগ্রামের উদ্দেশে রওনা হন।



