রুয়েটে আয়রনযুক্ত পানির সমস্যা সমাধানে RO প্লান্ট চালু
রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ দীর্ঘদিনের আয়রনযুক্ত পানির সমস্যা নিরসনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের চারটি আবাসিক হলে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে আধুনিক ‘রিভার্স ওসমোসিস’ (RO) ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নবনির্মিত চারটি আবাসিক হল—ছাত্র হল-১, ছাত্র হল-২, নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হল (ছাত্রী হল-১) এবং ছাত্রী হল-২-এর ছাদে এই প্লান্ট স্থাপন করা হয়েছে। প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করেছে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর।
প্রকল্পটির তত্ত্বাবধানে থাকা অধ্যাপক ড. এইচ. এম. রাসেল জানান, উপাচার্য ড. এস এম আব্দুর রাজ্জাক-এর সার্বিক দিকনির্দেশনায় প্রাথমিকভাবে নতুন চারটি হলে এই প্লান্ট চালু করা হয়েছে। তিনি বলেন, রাজশাহী অঞ্চলের আয়রনসমৃদ্ধ পানির দীর্ঘদিনের সমস্যার কার্যকর সমাধান দেবে এই উদ্যোগ। ভবিষ্যতে পুরো ক্যাম্পাসে এই প্রকল্প সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।
উল্লেখ্য, রাজশাহী অঞ্চলের ভূগর্ভস্থ পানিতে আয়রনের মাত্রা বেশি হওয়ায় শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানীয় জলের সংকটে ভুগছিলেন। রিভার্স ওসমোসিস প্রযুক্তির মাধ্যমে পানি থেকে আয়রনসহ ক্ষতিকর উপাদান অপসারণ করে নিরাপদ পানীয় জল সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ সময় উপস্থিত ছিলেন অমিত রয় চৌধুরী (পরিচালক, ফারদার ডেভেলপমেন্ট প্রজেক্ট), সহকারী প্রকৌশলী মাসুম বাবু, রুয়েটের প্রকৌশলী ও শিক্ষার্থীবৃন্দ।



