রাজশাহীতে জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের সাথে গণঅধিকার ও ছাত্র অধিকার পরিষদের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয়ে জেলার শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহীর নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম, জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাঈমুল হাছান, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, আরএমপি কমিশনার ড. মো: জিল্লুর রহমান (ডিআইজি) এবং রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (TTC) প্রিন্সিপাল প্রকৌশলী মো. নাজমুল হকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সাক্ষাৎকালে নেতাকর্মীদের পক্ষ থেকে কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা ও বই উপহার দেওয়া হয়। সভায় রাজশাহীর বর্তমান পরিস্থিতি, যুবসমাজের উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ জেলার সার্বিক উন্নয়নে তরুণ ও ছাত্রসমাজের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন এবং যেকোনো নাগরিক সমস্যায় পাশে থাকার আশ্বাস দেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, শহরের বিভিন্ন স্থানে ছিনতাই এবং নিষিদ্ধ আওয়ামীলীগের মিছিল নিয়ে প্রশাসনের কঠোর অবস্থান আশা করেন নেতাকর্মীরা।
এসময় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মাদ আলী তোহা, রাজশাহী জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক রুস্তুম আলী, ছাত্র অধিকার পরিষদ রাজশাহী মহানগরের সভাপতি তাহমিদ জ্যাকি, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন, প্রচার সম্পাদক ফয়সাল আহমেদ প্রমুখ।



