রাজশাহীতে ‘অমনিভার্স সায়েন্স ফেস্ট-২০২৬’ উদ্বোধন করলেন পুলিশ কমিশনার
রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীতে বিজ্ঞান ও বিতর্ক উৎসব ‘অমনিভার্স সায়েন্স ফেস্ট-২০২৬’ উদ্বোধন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়। উইজডম সায়েন্স ক্লাব ও নর্থ বেঙ্গল ডিবেটিং ফোরামের যৌথ আয়োজনে এবং প্রতিষ্ঠানটির সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ ইয়াকুব আলী।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, আধুনিক সভ্যতার অগ্রগতি ও পৃথিবীকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিজ্ঞানের ভূমিকা অপরিসীম। বিজ্ঞানকে অনেকের কাছে জটিল বিষয় মনে হলেও এটি আনন্দদায়ক, যুক্তিনির্ভর ও প্রমাণভিত্তিক জ্ঞানচর্চার ক্ষেত্র। আগ্রহ ও মনোযোগ নিয়ে বিজ্ঞানচর্চা করলে শিক্ষার্থীরা নতুন কিছু উদ্ভাবনের পাশাপাশি নিজেদের সৃজনশীলতা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে।
তিনি বলেন, এ ধরনের বিজ্ঞান উৎসব শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, উদ্ভাবনী চিন্তার প্রসার এবং বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিজ্ঞান অলিম্পিয়াডসহ বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পুলিশ কমিশনার আরও জানান, বিজ্ঞান অলিম্পিয়াডসহ বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের প্রতিষ্ঠান থেকে পুরস্কৃত করার পাশাপাশি প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হবে। এ ধরনের সৃজনশীল ও জ্ঞানভিত্তিক আয়োজন অব্যাহত রাখতে গভর্নিং বডির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
পরে পায়রা উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন পুলিশ কমিশনার। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



