উপমহাদেশের প্রথম দুর্গাপূজার স্মৃতিধন্য তাহেরপুরে শারদীয় শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মিন্টু
নিজস্ব প্রতিবেদক:
ঐতিহাসিক প্রেক্ষাপট ও প্রাচীন ঐতিহ্যের জনপদ রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌরসভা বিএনপির সভাপতি আবু নঈম মো. সামসুর রহমান মিন্টু ।
এক শুভেচ্ছা বিবৃতিতে সাবেক মেয়র তাহেরপুরের সুদীর্ঘ সাম্প্রদায়িক সম্প্রীতি ও গৌরবময় ইতিহাসের কথা স্মরণ করেন। ইতিহাসবিদদের মতে, এই তাহেরপুরেই প্রখ্যাত রাজা কংস নারায়ণ রায় বাহাদুরের হাত ধরে প্রায় সাড়ে পাঁচশত বছর আগে উপমহাদেশে প্রথম আধুনিক ও জাঁকজমকপূর্ণ শরৎকালীন দুর্গাপূজার সূচনা হয়েছিল। সেই ঐতিহাসিক ঐতিহ্যের ধারক-বাহক হিসেবে তাহেরপুর আজও সম্প্রীতির এক অনন্য উদাহরণ।
বিবৃতিতে সাবেক মেয়র মিন্টু বলেন, “দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আমাদের সার্বজনীন সংস্কৃতির অংশ। বিশেষ করে আমাদের তাহেরপুরের মাটি ও মানুষের সাথে দুর্গাপূজার এক ঐতিহাসিক ও আবেগের সম্পর্ক রয়েছে। আবহমানকাল থেকে বাংলার সকল সম্প্রদায়ের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে।
বিবৃতিতে সাবেক মেয়র আরও বলেন, ঐতিহ্যবাহী তাহেরপুর পৌরসভার ১৫টি পূজা মণ্ডপে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের জন্য স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করেন।



