শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
Google search engine

পদ্মার মিডিল চরকে পর্যটন কেন্দ্র করার উদ্যোগ, পরিদর্শনে যুবদল-ছাত্রদল নেতৃবৃন্দ

পদ্মার মিডিল চরকে পর্যটন কেন্দ্র করার উদ্যোগ, পরিদর্শনে যুবদল-ছাত্রদল নেতৃবৃন্দ
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী নগরীর কোল ঘেঁষে বয়ে যাওয়া পদ্মা নদীর মিডিল চরকে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগকে ঘিরে আশাবাদ তৈরি হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এ চরকে পরিকল্পিতভাবে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ ও দর্শনার্থীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মিডিল চরকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে দর্শনার্থীদের যাতায়াতের জন্য নিরাপদ ঘাট, ট্রলার ও নৌযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট এবং জরুরি উদ্ধারকারী দলের ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় নির্দিষ্ট স্থানে ডাস্টবিন স্থাপন, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
বর্ষা ও শুষ্ক মৌসুমে পদ্মার চরের প্রাকৃতিক দৃশ্যের ভিন্নতা থাকায় মৌসুমভিত্তিক পরিকল্পনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়েছে। দর্শনার্থীদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা, বিশ্রামাগার, পরিচ্ছন্ন শৌচাগার ও প্রয়োজনীয় আলোকসজ্জার ব্যবস্থা করা হলে স্থানটির পর্যটন সম্ভাবনা আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা।
পাশাপাশি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে ঐতিহ্যবাহী খাবার ও বিভিন্ন পর্যটনসেবা চালুর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যেতে পারে। এতে স্থানীয় অর্থনীতির বিকাশের পাশাপাশি চরের পরিবেশ রক্ষায় জনগণের অংশগ্রহণও বাড়বে।
এদিকে রাজশাহীর মনোমুগ্ধকর ‘মিনি সুইজারল্যান্ড’ পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন মতিহার থানা দক্ষিণ যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগের পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন তারা। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সহ-সভাপতি রাজশাহী মহানগর ছাত্রদল ও সাবেক আহ্বায়ক মতিহার থানা দক্ষিণ ছাত্রদল তরিকুল ইসলাম কনক, সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মতিহার থানা দক্ষিণ যুবদল বসির উদ্দিন সনি, মিডিল চর ৮ নম্বর ইউনিয়নের মেম্বার শহিদুল ইসলাম, ২৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হাসান শেখ এবং ছাত্রনেতা সানজিদ আহম্মদ সিয়াম।
সংশ্লিষ্টরা মনে করছেন, পরিকল্পিত উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং নিরাপত্তা নিশ্চিত করা গেলে পদ্মার মিডিল চর ভবিষ্যতে রাজশাহীর অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ
- Advertisment -
Google search engine

জনপ্রিয় সংবাদ

- Advertisment -
Google search engine

সর্বশেষ সংবাদ